একলা শ্রাবণ
কিশোর মজুমদার
আমার অভিমানি উঠোনে যখন শ্রাবণের প্রথম দীর্ঘশ্বাস নামে
তুমি তখনও মেঘের ভাষায় কথা বলতে ভালোবাসো,
তুমি তখনও অসীম আকাশের গল্পে মগ্ন থাকো
আমি এক বুক জলভার নিয়ে মোহনার মতো দাঁড়িয়ে থাকি,
কি জানি যদি তোমার অবহেলার কড়া রোদে সেই মেঘ
আবার বিনা নোটিশে বাষ্প হয়ে যায়।
এই যে আকাশ জুড়ে এত আয়োজন, এত কান্নার মহড়া—
এ তো কোনো বর্ষামঙ্গল নয়,
এ আমার জমানো মন খারাপের নীল স্রোত।
তুমি জল ছুঁয়ে ভাবো খুব সহজ, খুব শীতল আমার স্বভাব,
জানলে না তো, কিছু বৃষ্টি যে আসলে হৃদয়ের গভীরে
জমা ক্ষতেরই গলিত রূপ।
ঝমঝম শব্দে আজ যে গান গাইছে শহরের পথবাতি ,
সে আসলে তোমার দেওয়া নীরবতার এক একটি তীব্র চিৎকার।
সবুজ পাতারা ভিজছে তবু ঠিকই,
যেভাবে একদিন ভিজেছিল আমাদের প্রথম মুখর আলাপ;
……………………………
