বসন্তের ফলোয়ার
কিশোর মজুমদার
নদীর ধারের গল্পে ভাসে ভাঙা স্মৃতির নীল-জানালা,
গোধূলি আলোয় তোমার মুখ – এক শান্ত বসন্তের ওয়ালপোস্ট।
দোয়েলের সকালে সুর ভেজে রেখে দিই স্বপ্নবোনা আড্ডার হ্যাশট্যাগ,
অচেনা নক্ষত্র গুনছে মন, ভুলে সব না পাওয়া পলাশের লাল
বসন্ত রাগের পাখনায় ভর করে নামে ফাল্গুনি মেঘের দল,
নীলাভ অতীতের লন্ঠন হাতে ঘুরি, এ এক অদ্ভুত মায়া।
জোনাকির আলোয় জেগে থাকা ভালোবাসা মাখে হিমেল চাদর,
নীল আকাশে উড়ে যাওয়া কথার আবির,
কৃপণ সাদা মেঘ দেয় এক চিমটি আদর।
দীঘল আকাশ-ছিন্ন বিষাদ সরিয়ে নামে ফাগুনের কপিরাইট,
হৃদয়ের লেন্সে ফ্রেমবন্দি হতে থাকে চৈত্রের ইন্সট্রাগ্রাম পোস্ট ।
সময়ের স্লাইডারে ভেসে ওঠে একলা পথের ডিজিটাল গান,
আমি বসন্তের ফলোয়ার, স্মৃতির হ্যাসট্যাগে সঁপেছি পরাণ।
……………………………..
