Bengali Poetry By Kishore Majumder/ হৃদয় ফুলদানি

Bengali Poetry By Kishore Majumder/ হৃদয় ফুলদানি

কিশোর মজুমদারের রোমান্টিক প্রেমের কবিতা

হৃদয় ফুলদানি

আমার হৃদয়কে নিয়ে তুমি
করেছো সুন্দর ফুলদানি
সে ফুলদানি সাজালে নানা রঙ বেরঙের ফুলে ।
গোলাপ , চাঁপা , জুঁই , জারবেরা , রজনীগন্ধা ….
কত দেশি বিদেশি ফুলে ভরিয়ে দিয়েছ তাকে ।
মাঝে মাঝে অবাক হয়ে যাই
এত ভালোবাসতেও পারো তুমি ।
এত রোমান্টিক উতল হাওয়া তোমাকে কীভাবে
দিনের পর দিন ঘিরে রাখে , বলোতো !

আমার হৃদয় আজ ফুলদানি
তোমার ভালোবাসার যত্নে গড়া
ছোট্ট ছোট্ট খুশির গন্ধে ভরা
আমাদের সেকেন্ড মিনিট পল পল মিলে তিলে তিলে
গড়ে তোলা ঘরটায় তোমার মনের জানলার পাশে
খুব যত্ন করে রাখা
ফুলদানি …
আমার হৃদয় ….

তোমার মন কেমন করা উদাসী দুপুরে
একটুকরো দীর্ঘশ্বাস ঘেরা জানালায়
ফুলদানির ফুলগুলো দেখো কেমন দুলতে থাকে রোজ ।

অনেকক্ষন পর তোমার মেসেজ পেলাম ।
এতক্ষন কি করছিলে বলো তো ?
আমার বুঝি ভালো লাগে তোমাকে ছাড়া ।

ইদানিং তুমি বড্ড বেশি কাজ-পাগল হয়ে যাচ্ছ ।
দিনকে দিন তুমি এত এত ছুটছ ….
কাজ , টাকা , সোশ্যাল আটাচমেন্ট , ভবিষ্যৎ ভাবনা সবকিছু নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত ….

এইদিকে দেখো তোমার ফুলদানি থেকে
একটার পর একটা ফুল ঝরে ঝরে পড়ছে ,
এই তো ..গতকালই তো , তোমায় একটা কবিতা শোনাবো
বললাম , আর তুমি না শুনেই চলে গেলে …. তখুনি তো
কি সুন্দর হলদে রঙের জারবেরাটা শুকিয়ে গেলো ।
তোমায় বলবো জল দাও , নতুন নতুন ফুল আনো
ভ’রে দাও আবার তোমার ফুলদানি
আমার হৃদয় ।
কই শুনলে বলো তো ?
মুখ ফুটে না বললে বুঝি এখন আর শুনতে পাও না তুমি ?
এখন তোমার অনেক কাজ , অনেক দায়িত্ব ।
সব কিছুর ভিড়ে তোমার প্রিয় ফুলদানি দিনে দিনে তার লাবণ্য হারাচ্ছে ।
একটু তাকাও সেই দিকে
সব কথা তো জোর করে বলা যায় না
সব কথা কি আর শব্দে প্রকাশ করা যায় !

অনেক কবিতায় , অনেক গানে , অনেক মিষ্টি হাসির কলি দিয়ে
তুমি ভালোবেসে কত যত্নে সাজিয়েছিলে তোমার
ভালোবাসার ফুলদানি
আমার হৃদয় ….

তুমি বলেছিলে , ” তোমার হৃদয়কে ফুলদানি করলাম আজ । আজ থেকে রোজ সেই ফুলদানি সাজানোর কাজটি আমিই নিলাম । “
মনে আছে তোমার ? আরো বলেছিলে ,” তুমি থাকবে আমার মনের ঘরের টেবিলে । তোমার জন্য জানলা দিয়ে টেনে আনবো মিষ্টি রোদ । প্রখর রোদ্দুরে জানলা ঘিরে দেবো মেঘের সামিয়ানায় । ”

তুমি এত ভালোবাসো এত ভালোবাসতে পারো ।
কত সুন্দর রঙিন ফুলে ভরেছ আমার জীবন ।
কিভাবে তোমাকে বোঝাবো বলো
ভালোবেসে তুমি আমার হৃদয়কে যত সুন্দর ফুলদানি করে তুলেছ

তবু কিভাবে বলবো ….
আমার হৃদয় -ফুলদানি নিয়ে তোমার জন্যই
সারাদিন রাত অপেক্ষায় থাকি ।
তুমি আলতো করে হাত বোলাও
একটা মৃদু চুমু দাও আগের মতো ।
নইলে একটি একটি করে ফুল ঝরে পড়ছে দেখো …..
নতুন নতুন ফুল আনো
সাজাও তোমার ফুলদানি
আমার হৃদয়….
নইলে স্বার্থপর দৈত্যের সেই বাগানের শীতল দমকা বাতাস এসে
মুষড়ে যাওয়া ফুলগুলি ফেলে দেবে তোমার পায়ের কাছে ।
তুমি এসে আজ একটিবার আদর করে সাজাও তোমার ফুলদানি
আমার হৃদয় …
তোমার ভালোবাসার ফুলদানি …
শুন্য হয়ে যাবার আগেই ।

 #######$#

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *